যশোরে মেয়ের হাতে মা খুন

অভিযুক্ত দীপ্তি অধিকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আগামীর সময়
যশোরের কেশবপুর পৌরসভায় এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। গত সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পৌরসভার সাহাপাড়া এলাকায়।
নিহতের নাম গৌরী রানী। ৭৫ বয়সী এই বৃদ্ধা সাহাপাড়া এলাকার প্রয়াত কালিপদ অধিকারীর স্ত্রী। অভিযুক্ত মেয়ে ৫০ বছর বয়সী দীপ্তি অধিকারী। দীপ্তির শ্বশুরবাড়ি মণিরামপুর উপজেলার নাগরঘোপ এলাকায়।
স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই দীপ্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছন। মাকে হত্যার কয়েকদিন আগেই তিনি সাহাপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল মঙ্গলবার সকালে দীপ্তিকে নিতে আসেন ওই বাড়িতে আসেন তার দেবর পবিত্র অধিকারী। পরে তিনি বাড়ির দোতলায় গিয়ে গৌরী রানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় তরকারি কাটার বটি দিয়ে দীপ্তি তার মাকে কুপিয়ে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ভাঙা বটি ও দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



