গভীর রাতে ফোন পেয়ে বের হন ফরহাদ, সকালে মিলল মরদেহ

ছবিঃ আগামীর সময়
গভীর রাতে বেজে ওঠে মোবাইল। ফোন পেয়ে বেরিয়ে যান ফরহাদ হোসেন। সকালে বাড়ির পাশে ফসলি মাঠে পাওয়া যায় তার মরদেহ। পরিবারের দাবি, পাওনা টাকা দেওয়া কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে তাকে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে তার বাড়ির পাশ থেকেই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। পেশায় অটোরিকশা চালক ছিলেন তিনি। হত্যাকারীরা উপড়ে ফেলেছে তার ডান চোখ।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগমের দাবি, পাওনা টাকা দেওয়ার কথা বলে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি সে। আজ ভোরবেলা ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি জমিতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে পাঠানো হবে মর্গে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



