নারকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৪

ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহত ব্যক্তির নাম মো. মাসুদ হাওলাদার (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও কয়েকজন। নিহতের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- রেশমা (৩৫), ফিরোজ (৪৫), তানভির (২৫) ও আক্তার (৩০)। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাসুদ হাওলাদার বাড়িতে না থাকার সুযোগে মাসুদের বাড়ির একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়তে যান প্রতিবেশী রেশমা, তার স্বামী ফিরোজ ও পরিবারের কয়েকজন সদস্য। এ সময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় তা।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ধারালো দা দিয়ে মাসুমার হাতে আঘাত করেন রেশমা। এতে গুরুতর আহত হন তিনি। মাসুমাকে রক্ষা করতে গিয়ে মাসুদের বোন ফাতেমা বেগমও হামলার শিকার হন। পরিবারের দাবি, মারধরে হাত ভেঙে গেছে তার। চিৎকার শুনে ঘটনাস্থলে যাওয়া প্রতিবেশী শাহিনকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এদিকে বাজার থেকে খবর পেয়ে বাড়িতে ফেরেন মাসুদ হাওলাদার। পরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে আহত হন মাসুদসহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে মাসুদের অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তাকে। তবে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম উল্লেখ করেন, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



