রাস্তার পাশে অচেতন স্কুলছাত্রী, ধর্ষণের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার মেয়েটি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
অসুস্থ শিশুটি ভর্তি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। তার পরিবারের অভিযোগ, সোমবার সকালে স্কুলে যেতে বের হয় মেয়েটি। সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকায় তাকে অটোরিকশায় তুলে নেন দুই যুবক। পাশের ফুটানী বাজার এলাকা নিয়ে চেতনানাশক খাইয়ে করা হয় ধর্ষণ। পরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।
বিকালে স্থানীয়রা ‘ইক্ষু সেন্টারের’ পাশের রাস্তায় শিশুকে পড়ে থাকতে দেখে খবর দেয় পরিবারকে। মা-বাবা গিয়ে তাকে সন্ধ্যায় দিকে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ জানান, পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য শিশুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।



