লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালীর মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ এক মাস পর দেশে ফিরছে। আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দিপালীর ছোট বোন লাইজু বেগম আগামীর সময়কে বলেছেন, ‘বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেরিতে হলেও আমার বোনের লাশ যে আমরা পাব, এটাই আমাদের কাছে স্বস্তির সংবাদ। যদি এয়ারপোর্টের কার্যক্রম শেষ করে আমরা মরদেহ রাত ২টার মধ্যেও হাতে পাই। তাহলে মরদেহ ওই রাতেই বাড়িতে নিয়ে দাফন করব।’
ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেছেন, যুদ্ধাবস্থা ও বিমান চলাচল স্বাভাবিক না থাকায় মরদেহ আনতে কিছুটা সময় লেগেছে। দেশে আসার পর সরকারি ব্যবস্থাপনায় ফ্রি অ্যাম্বুলেন্সে মরদেহটি গ্রামের বাড়িতে পাঠানো হবে। দাফন বাবদ এয়ারপোর্ট থেকে তার পরিবারের সদস্যদের হাতে ৩৫ হাজার টাকা এবং পরে ৩ লাখ টাকার সহায়তা দেওয়া হবে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সীরচর গ্রামের দিনমজুর শেখ মোকার মেয়ে দিপালী আক্তার। পরিবারের দারিদ্র্য ঘোচাতে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে লেবাননে যান তিনি।
গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের একটি বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।



