ট্রাক-পিকআপ সংঘর্ষ
‘ঘুম চোখে’ ট্রাক চালাচ্ছিলেন হেলপার, নিহত বেড়ে ৯

ছবি: আগামীর সময়
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এ নিয়ে ঝরেছে ৯ প্রাণ। সবাই নির্মাণশ্রমিক।
সবশেষ নিহত রামিম মিয়ার (৫০) বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। ভর্তি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার রাতে তার মৃত্যু হয় বলে সোমবার নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মঞ্জুরুল আলম।
ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় রবিবার সকালে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে নিহত হন চারজন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সবশেষ মারা গেলেন রামিম। আহত কয়েকজন এখনো চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর আম্বরখানা এলাকা থেকে পিকআপ ভ্যানে ওসমানীনগরের দয়ামীর এলাকায় যাচ্ছিলেন ১৫ নির্মাণশ্রমিক। পথে তেলিবাজার সেতু এলাকায় উল্টোদিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপের। শ্রমিকরা ছিটকে পড়েন সড়কে।
নিহত অন্যরা হলেন— বদরুল (৩০), নার্গিস আক্তার (৪৩), আজির উদ্দিন (২৫), আমির উদ্দিন (২২), নুরুজ আলী (৫৫), মনি বেগম (২৯), ফরিদুল (৩৫) ও পান্ডব বিশ্বাস (২০)।
পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার। ঘুমে ঝিমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান তিনি। এতেই ঘটে দুর্ঘটনা। ট্রাকচালক ও হেলপার এখনো পলাতক।
সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের দাফন শেষ হলে মামলা করবেন স্বজনরা।



