পুড়িয়ে ধ্বংস করা হলো নকল সিগারেট

সংগৃহীত ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সিগারেটগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিদপ্তর ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোদক পাড়া এলাকার সুনীল মোদের ছেলে উত্তম মোদকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নকল করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। প্রশাসনের নজর এড়িয়ে এসব সিগারেট তৈরি করে বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনা করেন জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



