বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ মিলল শ্বশুরবাড়িতে

কুমিল্লার নাঙ্গলকোটে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। গতকাল মঙ্গলবার রাতে দেশওয়ালি পট্টি এলাকার কাসেম গার্ডেনের দ্বিতীয় তলার বাসা থেকে উদ্ধার হয় মরদেহটি। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন এসব তথ্য।
মৃত জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) উপজেলার কানগাঁও এলাকার মো. হানিফ মিয়ার মেয়ে। তিনি পড়তেন কুমিল্লার কোটবাড়ির সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আট মাস আগে নাঙ্গলকোটের মেহেদী হাসানের সঙ্গে বিয়ে হয় তার।
মেহেদীর পরিবার জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকালে ঘুমানোর কথা বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করেন জান্নাতুল। রাত ৮টায় ডাকাডাকি করলেও মেলেনি সাড়া। পরে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে ফারিয়ার মরদেহ।
তার বাবা মো. হানিফের অভিযোগ, মেয়ের জামাই মেহেদী বেকার ও নেশাগ্রস্ত। বিয়ের পর থেকেই টাকার জন্য নির্যাতন করা হতো ফারিয়াকে। কোচিং করিয়ে ও প্রাইভেট পড়িয়ে আয় করা টাকা মেহেদীকে দিত সে। ‘আমার মেয়েকে অনেক অত্যাচার করেছে মেহেদী। আমার মেয়েকে হত্যা করা হয়েছে’— দাবি হানিফের।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যার— বলেছেন কোতোয়ালি থানার ওসি তৌহিদুল। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।



