লবণ মাঠ রক্ষা করা হলো না রমিজের

ভোর থেকেই কক্সবাজারের আকাশ ছিল মেঘে ঢাকা। সকাল হতেই শুরু হয় দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই লবণ মাঠ রক্ষার তাগিদে দ্রুত হাঁটছিলেন শ্রমিক রমিজ উদ্দীন। পথে বজ্রপাতের শিকার হন ৪৫ বছর বয়সী রমিজ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে।
মারা যাওয়া রমিজ উদ্দীন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী পালাকাটা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লবণ রক্ষায় উপজেলার চৌফলদণ্ডী বাজারের দক্ষিণ পাশে সেতু দিয়ে যাচ্ছিলেন শ্রমিক রমিজ। তখন শুরু হয় বজ্রসহ বৃষ্টি। নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা ওই ব্রিজের পাশেই মৃত অবস্থায় দেখতে পান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানিয়েছেন, বজ্রপাতে একজনের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



