ময়মনসিংহ
নিরাপত্তাহীনতায় 'গণধর্ষণের' শিকার স্কুলছাত্রীর পরিবার

ছবিঃ আগামীর সময়
ময়মনসিংহে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তিন মাসের বেশি সময় পার হলেও অভিযুক্ত ছয় আসামির মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, নিরাপত্তাহীনতায় ভুগছে ভিক্টিম ও তার পরিবার।
আজ শনিবার ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে মেয়েটির পরিবার।
সম্মেলনে মেয়েটিসহ উপস্থিত ছিলেন তার বাবা, মা, বড় বোন ও ছোট ভাই।
সম্মেলনে ভিক্টিমের বড় বোন অভিযোগ করেন, আমার ছোট বোনকে রাস্তাঘাটে উত্যক্ত করত আশিক। গত বছরের ২১ ডিসেম্বর নিজ বাড়িতে আমার বোনকে একা পেয়ে ধর্ষণ করে আশিকসহ ছয়জন। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে বাধা দেয় আসামিরা। একপর্যায়ে গত ৭ মার্চ পাগলা থানায় গিয়ে মামলা করতে সক্ষম হই আমরা। ওই দিনই আশিককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাকি পাঁচ আসামিরা হলেন মানিক, রানা, মমিন, সারফুল ইসলাম ও শুভ।
‘মামলার আসামিরা সবাই প্রভাবশালী। তাই মামলা দায়েরের পর থেকেই আসামিরা নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। নিরাপত্তাহীনতায় স্কুলে যেতে পারছি না আমরা তিন ভাই-বোন। আমাদের বাবা বৃদ্ধ ও অসুস্থ। কাজে যেতে পারছেন না তিনি,’ অসহায়ত্ব তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলন করার জন্য গোপনে বাড়ি ছেড়ে ময়মনসিংহ প্রেস ক্লাবে এসেছেন বলে জানায় ভুক্তভোগী মেয়েটির পরিবার। গোপনেই বাড়ি ফিরে যাব বলে উল্লেখ করেন তারা।
এ ব্যাপারে উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেছেন, তদন্তাধীন আছে মামলাটি। বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।
মেয়েটির পরিবারের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ওসি।



