সুন্দরবনে ঝড়ের কবলে নৌকা, নিখোঁজ ৪ মৌয়াল

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণে গিয়েছিলেন আট মৌয়াল। ঝড়ে নৌকা ডুবে যাওয়ায় নিখোঁজ চারজন। অন্যদের উদ্ধার করেছে বন বিভাগ।
গত সোমবার (৬ এপ্রিল) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় এ ঘটনা। তবে তিন দিন পর বৃহস্পতিবার খবর পেয়ে উদ্ধারে যায় বন বিভাগের একটি দল।
সোমবার রাতে নৌকাডুবির পর ভাসতে ভাসতে পরদিন সন্ধ্যায় চার মৌয়াল পৌঁছে যান হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায়। তারা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী।
তাদের উদ্ধারের পর প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে আনা হয় লোকালয়ে। চারজন নিখোঁজের তথ্য জানার পর বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধারে যায় বনকর্মীদের দল। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন এসব তথ্য।
ঘটনাটি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে জানিয়েছে বনবিভাগ।



