নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
বরিশালে দফায় দফায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরিশালে দফায় দফায় মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার ভোরে গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় ঝটিকা মিছিল করেন তারা। পরে দুপুরে নগরীর সিএন্ডবি রোড এলাকাতেও একই দাবিতে দুটি মিছিল হয়।
স্থানীয়দের ভাষ্য, ভোরে ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। মিছিলে উপজেলা যুবলীগের নেতা মামুনুর রশিদ মনু মোল্লা ও ছাত্রলীগ নেতা মো. মাসুম সরদার নেতৃত্ব দেন।
অভিযোগ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি সংগঠিত হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল উল্লেখ করেন, ভোরে নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মী ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে যায়।
এদিকে দুপুরে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় দুই দফায় মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর নির্দেশে এসব মিছিল হয়েছে বলে জানা গেছে।
প্রথম মিছিলটি মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুর রহমান অনিকের নেতৃত্বে এবং দ্বিতীয়টি ছাত্রলীগ নেতা উজ্জ্বল হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
নগরীতে ধারাবাহিক এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



