গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান

ড. মুহাম্মদ হাফিজুর রহমান। ছবি : আগামীর সময়।
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার (৬ মে) বিকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অডিটরিয়ামে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও আগাম প্রার্থী ঘোষণার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি করপোরেশন। নগরবাসী এখন একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে।
‘হাফিজুর রহমান তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার নেতৃত্বে গাজীপুর সিটিতে ইতিবাচক ও মৌলিক পরিবর্তন আসবে’, হাফিজুরের অবস্থান তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল।
হাফিজুর রহমান এর আগে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের আমিরের আহ্বানে সাড়া দিয়ে তিনি শিক্ষকতা ছেড়ে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হন।
সে সময় তিনি গাজীপুর-৬ আসনে সংসদীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও আসনটি কার্যকর না থাকায় শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি।
মেয়র পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর হাফিজুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘তরুণ প্রজন্মের প্রত্যাশা ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আদর্শ সামনে রেখে আমি একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করব।’
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয়, স্থানীয় নেতারাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।



