সাভার সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সংগৃহীত ছবি
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে সরকার। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সংযুক্ত করা হয়েছে মহাপরিদর্শক নিবন্ধন কার্যালয়ে।
রবিবার আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিযুর রহমানের যৌথ স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।
আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিধি ৩(খ) এর আওতায় ‘অসদাচরণ’ এবং বিধি ৩(ঘ) এর আওতায় ‘দুর্নীতিপরায়ণতা’ অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ রুজু করা হয়েছে।
এতে আরও বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্ব হস্তান্তর করে তাকে যোগ দিতে হবে মহাপরিদর্শক নিবন্ধন কার্যালয়ে।
অভিযোগ রয়েছে, জাকির হোসেন সম্পদ অর্জন করেছেন অবৈধভাবে। এছাড়া সাভার সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মিজানকে থাপ্পড় মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।



