মাদক সেবনের দায়ে কারাদণ্ড, পরে বহিষ্কার কলেজ ছাত্রদল সভাপতি

সোহেল রানা। সংগৃহীত ছবি
মাদককাণ্ডে কারাদণ্ডপ্রাপ্ত জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানিয়েছে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে.এম শাকিল হোসেন।
দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হন ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাসহ তিনজন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এ.কে.এম গোলাম মাহফুজ শুভ বলেছেন, ‘অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেছেন আদালত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিষয়টি অবগত হওয়ার পরপরই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে।’



