সাংবাদিক রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও একটি মামলা

সাংবাদিক গোলাম রাব্বানী
রাজশাহীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষকও ছিলেন রাব্বানী।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১-এর নির্দেশে শনিবার (২ মে) রাতে রাব্বানীকে আসামি করে মামলাটি রুজু করে বোয়ালিয়া থানা।
এর আগে ২৭ এপ্রিল রাব্বানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে অভিযোগ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী। পরে অভিযোগ ও জবানবন্দি শেষে বোয়ালিয়া থানাকে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের পর তিন কার্যদিবসের মধ্যে অবহিত করার নির্দেশ দেওয়া হয় বোয়ালিয়া থানার ওসিকে। এ পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৮টার দিকে মামলাটি রুজু করেছে বোয়ালিয়া থানা।
উল্লেখ্য, অপর এক নারী বাদী হয়ে গত ৩ মার্চ রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রথম মামলাটি দায়ের করেন। গত ২০ এপ্রিল এই মামলার জামিন নিতে গেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে ২০ এপ্রিল থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন গোলাম রাব্বানী।



