হিলিতে ফুয়েল কার্ডে তেল মিলছে স্বস্তিতে

হিলির ফিলিং স্টেশনগুলো এখন অনেকটাই ফাঁকা। ছবি: আগামীর সময়
দিনাজপুরের হিলি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে স্বস্তিতে তেল নিচ্ছেন যানচালকরা। নেই আগের মতো দীর্ঘ লাইন বা জটলা। কয়েক দিন আগেও সেখানে এক থেকে দেড় কিলোমিটার সড়কজুড়ে ছিল শ শ মোটরসাইকেলের লাইন। আজ মঙ্গলবার সকালে পাম্প ও আশপাশের রাস্তা ছিল অনেকটাই ফাঁকা ও স্বাভাবিক।
অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধ হওয়া এবং নির্ধারিত গ্রাহকদের মধ্যে ফুয়েল কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ নিশ্চিত হওয়ায় এই পরিবর্তন।
‘আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যেত না। এখন ফুয়েল কার্ড ব্যবস্থার কারণে দ্রুত ও সহজে তেল পাওয়া যাচ্ছে। ভোগান্তি ও হট্টগোল কমে গেছে, পরিবেশও বেশ স্বস্তিদায়ক’- বললেন মোটরসাইকেলচালক ইমরান হোসেন।
আলীহাট ইউনিয়নের সাদুরিয়া এলাকার হিলি ফিলিং স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, আগে এক দিনেই প্রায় তিন হাজার লিটার পেট্রল বিক্রি হতো। এখন সেই পরিমাণ তেল বিক্রি হয় চার থেকে পাঁচ দিনে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকায় নেই কোনো সংকট।
‘ফুয়েল কার্ড ব্যবস্থার ফলে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। ভোক্তারা এখন কার্ডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করছেন তেল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় প্রস্তুত প্রশাসন’- বলেছেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।



