বাগেরহাটে জুস কিনতে গিয়ে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে জুস কিনতে গিয়ে বাগ্বিতণ্ডার জেরে মো. মুজাহিদ (৪০) নামের এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাইজিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় সূত্র জানায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালান বাইজিদ। এতে গুরুতর আহত হন ওই দোকানি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। গণপিটুনি দিয়ে তাকে সোপর্দ করা হয় পুলিশে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রক্রিয়াধীন রয়েছে আইনগত ব্যবস্থা।



