ভাঙছে ছোট ফেনী নদী

ছবি: আগামীর সময়
ফেনী ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে দিশাহারা স্থানীয়রা। ভাঙন থেকে বাঁচতে সোম ও মঙ্গলবার দুদফা মানববন্ধন করেছেন এলাকাবাসী। সাহেবের হাট ব্রিজ এলাকায় হয় এই মানববন্ধন।
স্থানীয়দের মতে, ২০২৪ সালে মুসাপুর রেগুলেটর বন্যায় ক্ষতিগ্রস্তের পর থেকে ছোট ফেনী নদীর দুপাড়ে বাড়ছে ভাঙনের তীব্রতা। ফলে নদীতে বিলীন হয়েছে কয়েকশ বিঘা আবাদি জমি।
স্থানীয় সাহিদা বেগম বলেছেন, ‘আমার স্বামী নেই। সন্তানদের নিয়ে অতি কষ্টে এখানে থাকি। ভাঙন অব্যাহত থাকলে অন্যত্র চলে যাওয়া ছাড়া উপায় নেই।’
মানববন্ধনে আসা চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুদ্দীন খোকন জানান, অতি সত্বর জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমার ভাষ্য, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে চিঠি। দ্রুততম সময়ে কাজ শুরু হতে পারে বলে আশা তার।



