দ্রুত গতির বাস চাপা দিল ইজিবাইক ও ভ্যান, নিহত ১

ছবি: আগামীর সময়
গোপালগঞ্জে বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। আজ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে।
নিহত ভ্যানচালকের নাম ঝন্টু মোল্যা (৪৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনউজ্জামান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস উপজেলার গোপীনাথপুরে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক ঝন্টু মোল্যা। এ সময় ইজিবাইকে থাকা আরও ছয় যাত্রী আহত হন।
ওসি জানান, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।



