ঈদের আগের রাতে বিএনপি নেতা ও স্ত্রীকে কুপিয়ে জখম

সংগৃহীত ছবি
ঈদের আগের রাতে বাগেরহাটের মোংলায় জানাজা ইস্যুতে পূর্ববিরোধের জেরে এক বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। আহত দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোংলা পৌর শহরের শিকারীর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম মো. আনিছুর রহমান।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ১২ মার্চ মোংলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হওয়ার ঘটনায় জানাজা আয়োজনকে কেন্দ্র করে জামায়াত নেতা খোকন ও বিএনপি নেতা আনিছুর রহমানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শুক্রবার রাতে আনিছুর রহমান ও তার স্ত্রী ঈদের বাজার করতে বের হলে তাদের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, জামায়াত নেতা খোকনের নেতৃত্বে আশিক, কাজী রাজুসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে গেলে স্ত্রীকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২১ মার্চ) সকালে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
এদিকে হামলার পর মোংলা পৌর শহরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক চন্দ্র গাইন বলেছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

