প্রেমিকাকে হত্যার অভিযোগে ১৪ দিন পর প্রেমিক গ্রেপ্তার

নিহত আনিতা
বরিশালে আলোচিত সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী টোলঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার হওয়া মাইনুল ইসলাম হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার গোলাম মোর্শেদ জিলানী ওরফে মিল্টন আকনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুল এলাকার রাফি মঞ্জিলে বসবাস করতেন।
দুপুরে র্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সানজিদা কবির আনিতার সঙ্গে প্রায় দুই বছর ধরে মাইনুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আনিতা বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারলেন, মাইনুল ইসলামের বাসায় আনিতার মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ রাফি মঞ্জিলের ষষ্ঠতলার ভাড়া বাসায় গিয়ে খাটের ওপর আনিতার জখম অবস্থায় নিথর দেহ উদ্ধার করে।
এ ঘটনায় আনিতার বোন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর মাইনুল ইসলাম হিমু কৌশলে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। অবস্থান পরিবর্তন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করারও চেষ্টা করেন।
র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া হিমুকে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



