কুমিল্লায় কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পোশাক কারখানায় লাগা আগুনে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এ নিয়ে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। আহত আরেকজন এখনও চিকিৎসাধীন।
শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি একরাম হোসেন (৩৫) মারা যান। তিনি আমির শার্টস লিমিটেড নামের ওই কারখানার বয়লার অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামে।
আগের দিন এই হাসপাতালেই মারা যান কারখানার নিরাপত্তাকর্মী সাজ্জাদ হোসেন। নামে এক নিরাপত্তা কর্মী। হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন দগ্ধ ওয়েল্ডার রবিউল হোসেন।
কারখানার সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক এসব নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, গত বুধবার সকালে কারখানায় গিয়ে বিদ্যুতের মূল সুইচ অন করেন বয়লার অপারেটর একরাম। তখনই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধরে যায় আগুন। দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনজন।
সহকর্মীরা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় কারখানা কর্তৃপক্ষ।
নিহতদের পরিবার ও আহত শ্রমিককে প্রয়োজনীয় সব সহায়তা করা হবে বলে জানালেন কারখানার কর্মকর্তা একরামুল।



