পায়রা সেতুতে মুখোশধারীদের সংক্ষিপ্ত মিছিল, ভিডিও ভাইরাল

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুতে মুখে মাস্ক পরা একদল যুবকের সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গতকাল শনিবার রাতে প্রকাশিত ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে ১৩ জনের একটি দলকে দেখা যায়, যাদের মধ্যে ১১ জনের মুখে মাস্ক ছিল।
ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সংগঠক মো. রুবেল গাজী সেতুর পাশে দাঁড়িয়ে উপস্থিতদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি পায়রা সেতু ও শেখ হাসিনা ক্যান্টনমেন্টের অবদান সম্পর্কে জানতে চাইলে ব্যানারধারীরা ‘শেখ হাসিনার অবদান’ বলে সাড়া দেন। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েক সেকেন্ড মিছিল করেন তারা।
মিছিলে প্রদর্শিত ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন প্রত্যাহার’ এবং ‘পুলিশ হত্যার বিচার’ দাবি লেখা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানিয়েছেন, গভীর রাতে মুখে মাস্ক পরা কয়েকজন মিছিল করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অংশ নেওয়াদের মধ্যে পাশের জেলা বাকেরগঞ্জের কয়েকজনও ছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।



