কুষ্টিয়া
ওসির বিরুদ্ধে পীর হত্যা মামলার আসামির ফেসবুক পোস্ট

কথিত পীর আবদুর রহমানের দরবার এবং মামলার প্রধান আসামি খাজা আহমেদ। ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন খোদ পীর হত্যা মামলার প্রধান আসামি খাজা আহমেদ।
কুষ্টিয়ার দৌলতপুর থানায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সেই ফেসবুক পোস্ট। গতকাল রবিবার বিকেল ৩টায় এ পোস্ট করা হয় আসামি খাজা আহমেদের ব্যক্তিগত আইডি থেকে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্ট, যা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
ফেসবুক পোস্টে আসামির দাবি, ‘দৌলতপুর থানার ওসি’র মত অপদার্থ আর দ্বিতীয়টি দেখিনি। দৌলতপুরের আইনের শাসনের অব্যবস্থাপনার মূল কারিগর এ ব্যক্তি। তার মূল চাহিদা টাকা, মরা লাশের বিষয়েও টাকা ছাড়া কথা বলে না সে।’ একই পোস্টে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার এসপি এবং খুলনার ডিআইজির দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি।
এ বিষয়ে জানতে খাজা আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোনে সাড়া মেলেনি। তবে পোস্টের কথা শুনলেও নিজে দেখেননি বলে জানিয়েছেন ওসি আরিফুর রহমান। ‘একজন হত্যা মামলার আসামি আমাকে নিয়ে কী লিখল, তা নিয়ে মন্তব্যের প্রয়োজন দেখছি না।’
গত শনিবার (১১ এপ্রিল) ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কথিত পীর আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরের দরবারে চালান হয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ সময় গুরুতর আহত হওয়া শামীম মারা যান হাসপাতালে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে বাদি হয়ে খাজা আহমেদসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নিহতের বড় ভাই। তবে মামলার ছয় দিন পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
মামলায় অভিযুক্ত হয়েও ফেসবুকে ওসির বিরুদ্ধে এমন নেতিবাচক মন্তব্য করায় এলাকায় নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে জনমনে জেগেছে নানা প্রশ্ন।




