মাথায় হাতুড়ির আঘাত, দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) বাঘমারা ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের দুই নেতাকে। গতকাল শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ এবং নাফিউল ইসলামকে। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিকভাবে তদন্ত চলছে একই কলেজের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। অভিযোগ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে গঠন করা হয়েছে এক সদস্যের তদন্ত কমিটি । কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১২ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা প্রদানের জন্য। এই নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে কলেজের ক্যানটিনে কথা কাটাকাটি হয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুরের মধ্যে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মীরের মাথায় আঘাত করেন মুয়াজ। এরপরই বাঘমারা ছাত্রাবাসে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এদিকে মীরের এক অনুসারী নাফিউল ক্ষিপ্ত হয়ে পুলিশের উপস্থিতিতেই হাতুড়ি দিয়ে মুয়াজের মাথায় আঘাত করেন । গুরুতর আহত মুয়াজকে শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে।
মুয়াজ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী।
এ ঘটনায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার থেকে কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে সাত দিনের জন্য এবং নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হল ছাড়ার। একই সঙ্গে ঘটনা তদন্তে অধ্যাপক ডা. সোহেলী জান্নাত সুলতানার নেতৃত্বে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি, যাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে সাত কর্মদিবসের মধ্যে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন ফার্মাকোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের দুই প্রধান।



