অবৈধভাবে তেল মজুদের দায়ে যুবকের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে মো. সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বেলা ১১টার দিকে কাঠারবিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
সাব্বিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জহুরুল।
দণ্ডপ্রাপ্ত সাব্বির উপজেলার উত্তর কাঠারবিল এলাকার বাদশা আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফিলিং স্টেশন থেকে অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সাব্বির।



