অটোর ধাক্কায় শিশুর মৃত্যু, সড়ক আটকে বিক্ষোভ

ছবি: আগামীর সময়
বাবার কাছে ডিম খাওয়ার আবদার করেছিল ছোট্ট তীর্থা। বাবাকে হোটেলে যেতে দেখে পেছনে দৌড় দেয় সে। অটোরিকশা চাপায় থেমে যায় তার প্রাণ। বুধবার সকালে বরিশাল নগরীর ভাটিখানা রোডে এই দুর্ঘটনা। বিচার চেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক আটকে করেছে বিক্ষোভ।
নিহত আড়াই বছরের তীর্থা সাহা ভাটিখানা সাহাপাড়া সড়কের শান্ত সাহার মেয়ে। তথ্যগুলো জানিয়েছেন কাউনিয়া থানা পুলিশের এসআই কাজী শাওন।
স্থানীয়দের বরাতে তার বর্ণনা, সকালে ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে বাবার দোকানে আসে তীর্থা। করে ডিম খাওয়ার আবদার। বাবা রাস্তার উল্টো পাশের হোটেলে ডিম আনতে যায়। মেয়েও দেখাদেখি রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় ভাটিখানা থেকে জেলখানার দিকে যাওয়া অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত তীর্থাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ভাটিখানা এলাকায় সড়ক আটকে বিক্ষোভে নামে এলাকাবাসী। অটো চালকের শাস্তির পাশাপাশি সড়কটিতে স্পিডব্রেকারে দাবি জানান তারা। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর সরে যান তারা।
দুর্ঘটনা নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে মরদেহ নিয়ে গেছে স্বজনরা- জানালেন এসআই শাওন।



