চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। আজ রবিবার সকাল পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার বেনিপুর এলাকায়।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রবিউল ও সোহাগ নাচোলের দিক থেকে মোটরসাইকেলে আজ রবিবার সকালে ধানসুড়ার দিকে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
ওসি আরও জানান, আবেদন করায় নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



