আম পাড়া নিয়ে ছোটদের ঝগড়ায় যোগ দিলেন বড়রা, সংঘর্ষে আহত ২০

ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে আম পাড়া নিয়ে কথা-কাটাকাটি হয় দুই বাড়ির শিশুদের মধ্যে। পরে দুই পরিবারের বড়রাও যোগ দেন এ ঝগড়ায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। এই সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার বধুনগর গ্রামের নবার বাড়ি ও ফর্সা বাড়ির লোকজনের মধ্যে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আহতদের। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। আহতদের মধ্যে মিজান মিয়া (৩৫) ও চান মিয়াকে (৪০) উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা জানান, নবাব বাড়ির আয়াতুউল্লাহ মিয়ার গাছ থেকে ফর্সা বাড়ির শিশুরা আম পাড়তে গেলে সূত্রপাত হয় এ বিরোধের।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেছেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



