ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকায় ডোবার পানিতে ডুবে ছাফওয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাংগাটিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
ছাফওয়ান নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা হোসাইন আহমেদের ছেলে। হোসাইন আহমেদ হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও একটি মাদরাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারসহ মাদরাসার কোয়ার্টারে থাকতেন তিনি।
শিশুটির খালু আরমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোসাইন আহমেদ মাদরাসায় পাঠদান করছিলেন এবং তার স্ত্রী ব্যস্ত ছিলেন রান্নার কাজে। এ সময় বাইরে খেলতে থাকা ছাফওয়ান কোনো একসময় পড়ে যায় মাদরাসার পাশের ডোবায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।



