সিরাজগঞ্জ
স্কুলের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ছবি: আগামীর সময়
সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বায়েজীদ (১০) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর।
আজ সোমবার দুপুরে সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। নিহত বায়েজীদ সারটিয়া কলেজপাড়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে উঠে সহপাঠীদের সঙ্গে খেলছিল বায়েজীদ। একপর্যায়ে সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, ‘বিদ্যালয়ের ভবন থেকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বায়েজীদের। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’
খেলতে গিয়ে তৃতীয়তলার ছাদ থেকে পড়ে শিশুটির মৃত্যু হয় বলে ধারণা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হলে তা গ্রহণ করেনি পরিবার।



