ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝরল দুই প্রাণ
টাঙ্গাইল প্রতিনিধি

সংগৃহীত ছবি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। আরও দুজন আহত হয়েছেন এ দুর্ঘটনায়। আজ সোমবার সকাল সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ হোসেন। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি হতাহতদের পরিচয়।
ওসি শরিফ হোসেন জানিয়েছেন, একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় রাবনা ফ্লাইওভারের ওপর সংঘর্ষ হয় ট্রাকটির। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ রাখা হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ।



