মিছিল নিয়ে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

ছবি: আগামীর সময়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। আজ শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে ঘটে এ ঘটনা।
এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে ওই আনসার সদস্যকে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন তৈরি হয় ওই ফিলিং স্টেশনে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে। এতে বৈধ কাগজপত্র থাকা চালকরা তেল পাচ্ছিলেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা ইউএনওকে অবগত করেন বিষয়টি।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ওই পাম্পে আসেন ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় যাদের কাছে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র নেই, তাদের লাইন ত্যাগ করার নির্দেশ দেন ইউএনও। একই সঙ্গে কাগজপত্র না থাকায় দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এর পরপরই হঠাৎ অন্য দিক থেকে শতাধিক লোকের একটি মিছিল এসে হামলা চালায় ইউএনও এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনের সহায়তায় দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন ইউএনও। পরে দেবীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে তাকে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেছেন, ‘আজ উপজেলায় তিনটি পাম্পে তেল দেওয়ার কথা ছিল। এই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্রবিহীন মোটরসাইকেলচালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে হামলা চালায় আমাদের ওপর। আমার বডিগার্ডের (আনসার সদস্য) অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারা।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেছেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে ওই পাম্পে। একই সঙ্গে কারা এই ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখে গ্রহণ করা হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।’



