যশোর
কাঁঠাল ভাঙতেই বেরিয়ে এলো মাদক

সংগৃহীত ছবি
দেখে মনে হবে, বিক্রির উদ্দেশ্যে কাঁঠাল নিয়ে রাজধানী যাচ্ছেন এক নিরীহ লোক। তবে সেই আলাভোলা চেহারার মায়ায় পড়লেই হবে বড় ভুল।
স্বাভাবিক দেখতে সেই কাঁঠালের ভেতর বিশেষ কায়দায় রাখা ৪০ বোতল কাশির সিরাপ ‘উইনসেরেক্স’। আর নিরীহ দেখতে সেই ব্যক্তি আব্দুর রাজ্জাক। নিষিদ্ধ এ সিরাপ কৌশলে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।
আজ বুধবার ভোরে যশোরের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন রাজ্জাক। গোপন খবর পেয়ে এ সময় তাকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ মাদক সেবনে শুকিয়ে আসে গলা-বুক, হয় ঝিমুনির ভাব। তবে মারাত্মক ক্ষতি করে কিডনি ও লিভারের। এমনকি দীর্ঘদিন খেলে নষ্ট হতে পারে পুরুষের প্রজননক্ষমতা। ভারতের নিষিদ্ধ এ ওষুধ দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে বাংলাদেশে। ফেনসিডিলের দাম বেশি হওয়ায় দ্রুত মাদকসেবীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘উইনসেরেক্স’।
আটক আব্দুর রাজ্জাক জেলার চৌগাছার সিংহঝুলি গ্রামের মৃত ওম আলী খাঁর ছেলে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



