‘সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ব্যর্থ’

সংগৃহীত ছবি
বর্তমান সরকার মুখে বিপ্লবের কথা বললেও বাস্তবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
তিনি বলেছেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবে শাহাদাত বরণ করেছেন ১৪ শ’র বেশি মানুষ। এখনও তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি সরকার। বিপ্লবের সুফল ভোগ করে বিপ্লবীদের ভুলে যাওয়া স্পষ্ট বিশ্বাসঘাতকতা।’
যশোর জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলনে শুক্রবার (১০ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, নুর-ই আলি নুর আল মামুন, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলী, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন ও পেশাজীবী থানার সভাপতি রাশেদুজ্জামান রতন।



