হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য সহায়তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী

ছবি: আগামীর সময়
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের জন্য বড় ধরনের সরকারি সহায়তার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের আগামী তিন মাস নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হবে।
আজ রবিবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ত্রাণমন্ত্রী উল্লেখ করেন, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় হাওরের বিস্তীর্ণ এলাকার ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এ দুর্যোগে সরকার কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ড প্রদান করা হবে। যার মাধ্যমে তারা আগামী তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক অনুদান পাবেন বলে তিনি দাবি করেন।
উত্তরাঞ্চলের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী জানান, সম্প্রতি জাতীয় সংসদে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। প্রকল্পের কারিগরি সমীক্ষা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই এর মাঠ পর্যায়ের কাজ শুরু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে আত্ম-কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জনকে গরু, ২০ জনকে সেলাই মেশিন, ৩৩ জনকে মুদি দোকানের সামগ্রী এবং ২০ জনকে প্যাডেলচালিত ভ্যান প্রদান করা হয়। এসব উপকরণ পেয়ে স্থানীয় উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার আশা প্রকাশ করে আনন্দ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



