আ. লীগ-যুবলীগের ১০ নেতাকর্মী কারাগারে

ছবিঃ আগামীর সময়
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জামালপুরের ইসলামপুর উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীর জামিন নাকচ করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৯ মার্চ) দুপুরে জামালপুর জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডলসহ আরও কয়েকজন নেতাকর্মী।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-২২০ জনকে আসামি করা হয়।
পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় ১০ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন বলেছেন, ‘আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

