কৃষিমন্ত্রী
কৃষি খাতে টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে

সংগৃহীত ছবি
কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ভিক্টোরিয়া কলেজ নবম আন্তঃবিভাগ বিতর্ক পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
কৃষিমন্ত্রী বলেছেন, ‘দেশের শতভাগ সেচ পাম্প আনা হবে সোলারের আওতায়। কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। সেচব্যবস্থায় সোলার প্রযুক্তি ব্যবহার করা হলে কৃষকদের খরচ কমবে এবং পরিবেশের ওপরও কমবে চাপ।’
‘সোলারের ব্যবহার বাড়ানো হলে এতে করে ডিজেলের চাহিদা থাকবে না। কৃষকের উৎপাদন খরচও কমে আসবে। এই পরিকল্পনায় সরকারের যত কোটি টাকা খরচ হয়, তা বাস্তবায়ন করবে সরকার।’
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



