গাজীপুর
কৃষিজমির মাটি কাটায় তিনজনকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: আগামীর সময়
গাজীপুরের কালীগঞ্জে কৃষিজমির মাটি কাটা ও নদীর তীর ক্ষতিগ্রস্ত করার দায়ে তিন ব্যক্তিকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। টানা তিন দিনের অভিযানে জড়িত ব্যক্তিদের এই জরিমানা দেওয়া হয়।
উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা অঞ্চলে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত চলে এই অভিযান।
প্রথম দুটি অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। আরেক অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
৪ মে ছাতিয়ানী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে সামশুল হক খন্দকারকে (৬৫)।
পরদিন রাথুরা এলাকায় একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন কাজী আমজাদ হোসেন (৬৭)।
সর্বশেষ গতকাল বুধবার বরিহাটি এলাকায় শীতলক্ষ্যা নদীর সীমানায় অবৈধভাবে মাটি কাটায় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের কর্মকর্তা মো. সুজাত উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ও লিমা জানান, নদী দখল, অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



