ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার চার যাত্রীর

সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রাক। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহ নগরীর জিকেএমসি সাহা রোডের মৃত আব্দুর রশিদের স্ত্রী ৬০ বছর বয়সী অ্যাডভোকেট চৌধুরী হুসনেয়ারা বেগম ও জামালপুরের পিয়ারপুর এলাকার ফিরোজল ইসলামের মেয়ে ৩০ বছর বয়সী শিউলি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকটি মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক পুরুষ যাত্রী মারা গছেন। দুমড়েমুচড়ে যায় অটোরিকশা, সড়কে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২ নারীর নারীর পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে পরিবারের কাছে।



