অন্নপূর্ণার চূড়ায় জনপ্রিয় ইউটিউবার খালেদ নূর

নেপালের অন্নপূর্ণা পর্বত চূড়ায় জনপ্রিয় ইউটিউবার খালেদ নূর। ছবি : আগামীর সময়।
নেপালের অন্নপূর্ণা পর্বতচূড়ায় আরোহণ করেছেন বাংলাদেশি জনপ্রিয় ইউটিউবার, ভিডিও প্রামাণ্য নির্মাতা ও কমিকস লেখক খালেদ নূর। বুধবার (৬ মে) বাংলাদেশ সময় বেলা ১২টায় পর্বতটির চূড়ায় ওঠেন তিনি। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে ৪ হাজার ১৩০ মিটার ওপরে।
এসময় খালেদের সঙ্গে ছিলেন তার বন্ধু রিফাত জামি, রেজাউল রোহান, কাজী ইয়াশমু ও মাসানিল হক মায়ান। বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তারা ভূমিতে নেমে এসেছেন বলে জানান খালেদের বাবা নুর আল আলম।
তিনি জানান, খালেদের এভারেস্ট জয়ের স্বপ্ন বহুদিনের। এই লক্ষ্যকে সামনে রেখে তারা অন্নপূর্ণা আরোহণ করেন।
‘গত ১ মে তারা নেপাল গমন করেন। পোখারায় অবস্থান করছিলেন তারা। সেখানে দুদিন প্রস্তুতি নিয়ে তারা ৩ মে থেকে অন্নপূর্ণা অভিযান শুরু করেন। পরে ৬ মে দুপুরে সফল হন। তারা ১০ মে তারিখে দেশ ফিরবেন’, ব্যাখ্যা করেন খালেদের বাবা।
প্রসঙ্গত, ফেনী সদরের কাজীর বাগ ইউনিয়নের সোনাপুর এলাকার প্রবাসী ব্যবসায়ী নুর আল আলম ও ফেরদৌস আরা বেগমের তিন ছেলের মাঝে খালেদ নুর দ্বিতীয়। তিনি একাধারে ইউটিউবার, ভিডিও প্রামাণ্য নির্মাতা, এনিমেশন সিরিজ নির্মাতা ও কমিকস রাইটার।
তার নির্মিত এনিমেশন সিরিজ একাধিক টিভি চ্যানেলে প্রচারিত হয়। ‘নার’ নামে তার জনপ্রিয় কমিকস সিরিজ রয়েছে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করেছেন খালেদা।



