কুমিল্লা
শ্রমিক সেজে বাড়িতে ঢুকে ডাকাতি, শ্বাসরোধে হত্যা বৃদ্ধাকে

ছবি: আগামীর সময়
বাড়িতে এসেছিলেন শ্রমিক পরিচয়ে। কিন্তু তারা ডাকাত। পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় এক বৃদ্ধাকে হত্যা করেন শ্বাসরোধে। ঘটনা কুমিল্লার চান্দিনা উপজেলার। অজ্ঞাত পরিচয় এই চার ব্যক্তি তিন দিন ধরে এই বাড়িতেই অবস্থান করছিলেন।
রবিবার (৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ঘটে এমন ঘটনা। নিহত সমিরন বেগম (৭৫) বাড়ির আব্দুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় জমি থেকে পানি নিষ্কাশন ও ফসল উঠানোর জন্য তিন দিন আগে তাদের আনা হয় ভাড়া করে। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেন এবং কাজের সুবিধার জন্য অবস্থান করছিলেন বাড়িতেই। বাড়ির এক রুমে বৃদ্ধ স্বামী, অন্য রুমে চার শ্রমিক এবং পাশের রুমে নিহত সমিরন বেগম থাকতেন।
শনিবার গভীর রাতে সুযোগ বুঝে তারা প্রথমে অচেতন করেন স্বামীকে। পরে সমিরন বেগমকে বেঁধে কানের স্বর্ণালংকারসহ ঘরের নগদ প্রায় ৭০ হাজার টাকার সামগ্রী লুটে নেন। এ সময় তিনি বাধা দিলে তাকে হত্যা করা হয় শ্বাসরোধে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে উল্লেখ করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, জানালেন তিনি।



