চাঁদপুর
যুবককে পিটিয়ে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: আগামীর সময়
চাঁদপুরে যুবককে পিটিয়ে হত্যার দায়ে প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন অন্য আসামিরা। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয় মোজাম্মেল পাটওয়ারীকে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় দেন। নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুহিনুর বেগম।
যাবজ্জীবন পাওয়া আসামি হলেন, শহরের রহমতপুর আবাসিক এলাকার মো. বশির। নিহত মোজাম্মেলের বাড়িও ওই এলাকায়।
মামলার এজাহার থেকে জানা গেছে, এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত বশির। মাদক বিক্রিতে প্রায়ই তাকে বাধা দিতেন মোজাম্মেল। একপর্যায়ে মাদক মামলায় গ্রেপ্তার হন বশির। সন্দেহ করেন, তার বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন মোজাম্মেল। জামিনে বের হয়ে ২০১২ সালের ২০ ডিসেম্বর রাতে বাড়ির সামনে মোজাম্মেলকে লাঠি দিয়ে পেটান বশির ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ২১ ডিসেম্বর রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরদিন চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মা মরিয়ম বেগম। প্রধান আসামি করা হয় বশিরকে। অন্য আসামিদের মধ্যে ছিলেন তার ভাই মো. নাছির, মো. মামুন, মো. মহিসন এবং মা মনি বেগম।
মামলাটি তদন্ত করেন তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক কামাল।
২০১৬ সালের ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
দীর্ঘ শুনানি শেষে এলো রায়। দোষী সাব্যস্ত হলেন বশির।



