হাসপাতালের পরিত্যক্ত ম্যানহোলে মিলল মানব কঙ্কাল

ছবি: আগামীর সময়
পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন গণপূর্ত বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময়ে হাসপাতালের একটি পরিত্যক্ত ম্যানহোলের দিকে নজর পড়ে তাদের। সেখানে একটি মানব কঙ্কাল দেখতে পান তারা।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মানব কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি কঙ্কালটির পরিচয়। এদিকে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাসপাতাল এলাকায়।
হাসপাতালসংশ্লিষ্টরা বলছেন, ঝোপঝাড় কেটে ড্রেনগুলো পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় হাসপাতালের উত্তর দিকে রান্নাঘরের পাশে অবস্থিত সেফটি ট্যাংকের পাশে একটি পরিত্যক্ত ম্যানহোল নজরে আসে তাদের।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেছেন, ‘ওই ম্যানহোলটি পরিত্যক্ত হওয়ায় সাধারণত খোলা হয় না বা করা হয় না পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ম্যানহোলের পাশে যায় না কেউই। ফলে এই কঙ্কালের বিষয়ে কোনো ধারণা নেই আমাদের। পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখবে তারা।'
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা জানান, কঙ্কালটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে এ ঘটনায়।
তিনি বলেছেন, ‘ধারণা করা হচ্ছে কঙ্কালটি অনেক আগের। তবে এবিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই পুলিশের কাছে। তবে এটি চিকিৎসার সহায়তার কাজে ব্যবহৃত কঙ্কাল হতে পারে। আবার কেউ কখনো ম্যানহোলটিতে পড়ে গিয়েছিলেন এমনও হতে পারে। এটি পুরুষের নাকি নারীর, বয়স কত বা কতদিন আগে মৃত্যু হয়েছে— এখনো নিশ্চিত হওয়া যায়নি এসব বিষয়ে। কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে সিআইডির কাছে। এ ছাড়া তদন্ত করা হচ্ছে ঘটনাটি। বিস্তারিত কিছুই জানানো সম্ভব হচ্ছে না তদন্তের আগে।’



