সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

সংগৃহীত ছবি
সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন সিলটি পাঞ্চায়িত। একইসঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নের দাবিও তুলেছে সংগঠনটি। দাবি মানা না হলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপন করা হয় এসব দাবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট দেশের একমাত্র বিভাগ যে অঞ্চলের ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে।
সিলটি লিপির কথা উল্লেখ করে তিনি জানান, এই ভাষা ও বর্ণমালার ওপর দেশ-বিদেশে উচ্চতর গবেষণা ও ডক্টরেট ডিগ্রি অর্জিত হয়েছে। বর্তমানে অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে বলেছেন, সেসব দেশে প্রধান ভাষার পাশাপাশি দ্বিতীয় দাপ্তরিক ভাষা চালু রয়েছে। দীর্ঘ ঐতিহ্যের কথা বিবেচনা করে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বা দাপ্তরিক ভাষা ঘোষণার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরুর পর থেকেই সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবিতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছে সিলটি পাঞ্চায়িত।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি এসব দাবি বিবেচনা না করে, তবে তারা ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এ বিষয়ে আবেদন জানাতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ রীহান জামানসহ সিলেটের স্থানীয়রা।



