হামলা ও হত্যার বিচারের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি: আগামীর সময়
রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নেতাকর্মীদের ওপর হামলা ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে এ বিক্ষোভ করে তারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কারমাইকেল কলেজ গেট থেকে বের হয় একটি মিছিল। পরে নগরীর খামার মোড়, চারতলা মোড় ও বীকন মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে মিলিত হয় সংক্ষিপ্ত সমাবেশে। পুরো বিক্ষোভ মিছিল জুড়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।
সমাবেশে বক্তারা শঙ্কা প্রকাশ করেন, শিক্ষাঙ্গনকে অস্থির করে তোলার যে অপচেষ্টা চলছে, তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।
তারা গত ২১ এপ্রিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্র শিবিরের এক কর্মীর ওপর নৃশংস হামলা চালিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে চট্টগ্রামের ঘটনার দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। একই সঙ্গে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বানসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী মত দমনে সহিংসতার বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি হামিদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সুমন সরকার, কারমাইকেল কলেজ সভাপতি মাহমুদুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।



