মুন্সিগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বিধ্বস্ত শিশুর হাত

সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবিস্ফোরিত ককটেল বিস্ফোরণে মোঃ মোস্তাফিজ (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে মুন্সিকান্দি এলাকায় একটি আলু খেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত মোস্তাফিজ মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা মোঃ আল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ থেকে কোরআন শরীফ পড়ে বাড়ি ফিরছিলো মোস্তাফিজ। এসময়, আলু ক্ষেতে অবিস্ফোরিত ককটেলটি দেখতে পায়। খেলা বস্তু ভেবে সেটি নিয়ে বাড়ি ফিরে টিনের চালে লুকিয়ে রাখার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়।
বিস্ফোরণের পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এবিষয়ে সদর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে। কে বা কারা ককটেলটি সেখানে ফেলে রেখেছে সেটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

