ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, অভিযুক্ত আটক

ছবিঃ আগামীর সময়
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৮ মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের রশিদ খানের বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়।
জানা যায়, অপহৃত ১৮ মাস বয়সী শিশু কন্যার নাম রাফছা। সে রশিদ খানের মেয়ে। পরবর্তীতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব জানায়, অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে খুলনা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রশিদ খানের প্রতিবেশী নয়নকে অপহরণের দায়ে আটক করা হয়। তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের ভাষ্য মতে, ঘটনার দিন সকালে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে রশিদ খানের বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরবর্তীতে শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায় যে, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে নয়ন অসংলগ্ন কথা বলতে থাকে। শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে সে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলামের বলেছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। শিশুটিকে খুলনা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে।
র্যাব কর্মকর্তা নজরুল আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

