জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুরে রেলপথ অবরোধ

ছবি: আগামীর সময়
জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন এবং ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
রবিবার দুপুর এলাকাবাসী রেললাইনে অবস্থান নিয়ে শুরু করেন বিক্ষোভ। প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
আন্দোলনকারীরা জানান, গত এক সপ্তাহ ধরে জলাবদ্ধতার কারণে শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ রয়েছেন দুর্ভোগে। পানি জমে থাকায় দেখা দিয়েছে রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা এবং দিন কাটছে সাপের আতঙ্কে। বিষয়টি একাধিকবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। এতে বাধ্য হয়ে রেলপথ অবরোধ করেন তারা।
সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানালেন, জলাবদ্ধতার কারণে ট্রেনটি অবরোধ করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও পৌরসভার প্রতিনিধিরা ঘটনাস্থলে যান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।



